ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য জিএম মমতাজুর রহমান কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান নেতা আব্দুল মোতালিব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস ও এডভোকেট সাইফুল ইসলাম কামাল প্রমুখ।
এ সময় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, দলের প্রতিটি স্তরে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। আগামী দিনের সরকারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন কমিটির নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা, সুখাইর রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
