বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. মিঠু মিয়া এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে বক্তারা বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও শিক্ষার পরিবেশকে আরও আধুনিকায়নের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার করেন।
