কমলগঞ্জের ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিন আর নেই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও ‘হাজী আফরোজ উদ্দিন শপিং কমপ্লেক্স’-এর স্বত্বাধিকারী হাজী আফরোজ উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাজী আফরোজ উদ্দিন দীর্ঘ সময় ধরে ভানুগাছ বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় ব্যবসায়ী মহলে তিনি একজন ধর্মপ্রাণ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী, সদালাপী ও হাসিখুশি মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে ভানুগাছ বাজারের ব্যবসায়ী সমাজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মরহুমের ছেলেরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁরা দেশে ফেরার পর জানাজার নামাজের সময় ও স্থান নির্ধারণ করা হবে। পরবর্তী সময়ে তা এলাকাবাসীকে জানানো হবে।
মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরম করুণাময়ের কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
