উৎসবমুখর পরিবেশে ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির সম্মেলন কেন্দ্রিক প্রচারণা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। তৃণমূল পর্যায়ে দলটিকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৩ অক্টোবর শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ড।
জানা যায়, এবারের সম্মেলনে পাঁচটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ইতিমধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ আসায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক এবং পথসভার মাধ্যমে নিজেদের পক্ষে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীরা তাঁদের অতীত অবদান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
তৃণমূলের ভোটারদের (কাউন্সিলর) দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দলের প্রতি নিজেদের ত্যাগ ও নিষ্ঠার কথা তুলে ধরছেন। নির্বাচনকে ঘিরে ইউনিয়নজুড়ে তৈরি হয়েছে এক গণতান্ত্রিক পরিবেশ।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক বলেন, ‘দীর্ঘদিন পর সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য এবং ত্যাগী নেতৃত্ব উঠে আসবে, যা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।’
দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য পদ ঘিরেও নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনই এখন দলের মূল লক্ষ্য।
