শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবি ও ছুরি দেখিয়ে হুমকির অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে এক ফার্মেসিতে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, কর্মচারীকে মারধর ও দোকান মালিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফার্মেসি মালিক সোহেল আহমদ (৩০) বাদী হয়ে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শমসেরনগর বাজারের ভানুগাছ রোডের কালিবাড়ি এলাকায় অবস্থিত ‘এস এস ড্রাগহাউস’ ফার্মেসিতে মো. শিহাব মিয়া (২০) নামে এক যুবক প্রবেশ করেন। তিনি একটি প্রেসক্রিপশন দেখানোর অজুহাতে কর্মচারীর সঙ্গে কথা বলার একপর্যায়ে ফার্মেসির মালিকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্ত যুবক ওই কর্মচারীকে কিল-ঘুষি মেরে আহত করেন।
ফার্মেসির মালিক সোহেল আহমদ চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্ত যুবক হাতে থাকা একটি ছুরি বের করে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর তিনি বিষয়টি স্থানীয় বণিক কল্যাণ সমিতিকে অবহিত করেছেন। তার কাছে ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে। অভিযুক্ত শিহাব মিয়ার বিরুদ্ধে কিশোর গ্যাং, মাদক সেবন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী। এ ঘটনায় তিনি নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শমসেরনগর পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মো. শিহাব মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, এই ঘটনার পর শমসেরনগর বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
