সিলেটকে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় সিউক চেয়ারম্যানের
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও কর্মসংস্থানের বিষয়টি গভীরভাবে সম্পৃক্ত। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-নদী, চা-বাগান, হাওর এবং ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা—সব মিলিয়ে সিলেটের রয়েছে অপার সম্ভাবনা। পরিকল্পিত উদ্যোগ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সিলেটকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নাইওরপুলস্থ সিউক কার্যালয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট (টোয়াস)-এর সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি টোয়াসের ম্যাগাজিন ‘অভিযাত্রী’-র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
সিউক চেয়ারম্যান বলেন, পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, হোটেল-মোটেল ব্যবসায়ীসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
তিনি আরও বলেন, পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। পর্যটকদের চাহিদা অনুযায়ী প্যাকেজ তৈরি এবং সিলেটের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে ব্যাপকভাবে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ট্যুর অপারেটরদের পাশে থাকবে।
অনুষ্ঠানে টোয়াসের নেতৃবৃন্দ সিলেটের পর্যটন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নতুন পর্যটন গন্তব্যগুলোর প্রসারে বিস্তারিত আলোচনা হয়। সিউক চেয়ারম্যান পর্যটনসংশ্লিষ্টদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন টোয়াসের সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি আহমদ হাসান সায়ীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাফি, সহ-সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ সুমন, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ শফি উদ্দিন, প্রচার সম্পাদক মো. ফয়সল আহমদসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভার শুরুতে টোয়াস নেতৃবৃন্দ সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে ফুলেল শুভেচ্ছা জানান।

