ছাতকে সেলাইমেশিন বিতরণ ও মেধাবী সংবর্ধনা
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লায় ‘মানবকল্যাণ ফাউন্ডেশন’ চরমহল্লা ইউপি শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সংগঠনের স্বাবলম্বী প্রজেক্টের আওতায় অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আশাকাচর পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দুস্থ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপি শাখার উপদেষ্টা ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা হাফেজ কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান হাছনু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। মানবকল্যাণ ফাউন্ডেশনের এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অসহায় নারীদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম চরমহল্লা আশাকাচর মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, সমাজসেবক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. খালেদ মিয়া এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটির সভাপতি মুশাহিদ আলীসহ অনেকে।
এ সময় নবগঠিত ‘মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়ন শাখা’র কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক তাজিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আলী আহমেদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মাস্টার্স উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
