বাহরাইন প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার নির্দেশনা বাংলাদেশের
বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্থানীয় আইন ও বিধি-বিধান মেনে চলার পাশাপাশি কর্মস্থলের নীতিমালা এবং সাইবার আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য প্রবাসীদের প্রতি পরামর্শ দেয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে দেয়া এক নির্দেশনায় এসব বিষয়ে সতর্ক করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়, পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং ইতিবাচক কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা কিংবা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। কর্মস্থলের অভ্যন্তরীণ তথ্য বা অনুমতি ছাড়া কোনো ছবি-ভিডিও প্রকাশ না করার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
অনলাইনে নিরাপত্তার ক্ষেত্রেও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল কিংবা সন্দেহজনক বার্তার বিষয়ে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিংয়ের মতো সাইবার অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বলা হয়েছে। কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার পরামর্শও দেয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক, উসকানিমূলক বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ কিংবা নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্টের ব্যাপারেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ ধরনের পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য এবং বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন ও ইরান-ইসরায়েল সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত কনটেন্ট শেয়ার বা প্রচার না করতে বলা হয়েছে, যা বাহরাইনের স্থানীয় আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।
এছাড়া বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অনলাইন প্রচারণায় অংশ না নেয়ার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ অনুদান না দেয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অনলাইন তহবিল বা অর্থ সংগ্রহের উদ্যোগের ক্ষেত্রে আগে এর বৈধতা ও সত্যতা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ধরনের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশের আগে স্থানীয় আইন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিধিনিষেধ সম্পর্কে নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রেও প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। নিজেদের কিংবা অন্য কারও পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেয়া হয়েছে। এসব তথ্য প্রকাশের মাধ্যমে প্রতারণা, পরিচয় চুরি বা অন্যান্য সাইবার অপরাধের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন কোনো পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্কে অংশ না নেওয়ার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
এদিকে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রতারণা থেকে দূরে থাকার জন্যও প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। অনলাইনে কোনো প্রস্তাব বা আর্থিক লেনদেনে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।

