নিখোঁজের দুই দিন পর বাঁশঝাড়ে মিলল অটোরিকশা চালকের লাশ
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাঁশঝাড়ে মিলল তুহিন মিয়া (২৩) নামের এক সিএনজি অটোরিকশাচালকের লাশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার প্রতিদিনের মতো সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তুহিন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন পরিবারের পক্ষ থেকে বাহুবল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার সকালে সাতাইহাল গাজীর মোকাম এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তুহিনের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, দুই দিন আগে সিএনজি অটোরিকশাসহ তুহিন নিখোঁজ হয়েছিলেন। বুধবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে সিএনজি অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

