নতুন করে তৈরি হচ্ছে শাহরুখের মান্নাত, যে তথ্য দিলেন অভিনেতা
বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি মান্নাত নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই মান্নাতেই বড়সড় পরিবর্তন আনছেন অভিনেতা। সংস্কারের কাজ চলায় গত জন্মদিনে ভক্তদের সঙ্গে পরিচিত সেই বারান্দায় দেখা দিতে পারেননি শাহরুখ। তবে এবার নিজেই জানালেন, ভক্তদের জন্য তৈরি হচ্ছে নতুন একটি জায়গা যেখান থেকে ফের তাদের উদ্দেশে হাত নাড়বেন তিনি।
সম্প্রতি ‘আস্ক এসআরকে’ সেশনে এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, যদি তিনি আর মান্নাতের বারান্দা থেকে ভক্তদের অভিবাদন না জানান, তাহলে বাড়িটি বিক্রি করে দেয়া উচিত কি না। জবাবে মজার ছলে শাহরুখ লেখেন, এখন তো নতুন গ্যালারি বানাচ্ছি, তাই সেখান থেকে আরও ঝলমল করব। পাশাপাশি মজা করে জানান, নতুন গ্যালারিতে এমন ব্যবস্থা রাখার আশা করছেন, যেখানে ধরে দাঁড়ানোর জন্য একটি হ্যান্ডেলও থাকবে।
মান্নাতের সংস্কার নিয়ে আরও তথ্য দিয়েছেন প্রযোজক আনন্দ পণ্ডিত। তার দাবি, বাড়িটির পেছনের অংশে কয়েকটি নতুন তলা যোগ করা হচ্ছে। তিনি জানান, শাহরুখের দুটি সম্পত্তির কাজের সঙ্গেও তিনি যুক্ত আছেন। মান্নাত শুধু একটি বাড়ি নয়, শাহরুখের স্বপ্নপূরণের প্রতীকও। ১৯৯৭ সালে বাড়িটি কেনার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা। ২০০১ সালে প্রায় ১৮ কোটি রুপিতে সমুদ্রের ধারের এই ঐতিহ্যবাহী সম্পত্তি কিনে নেন তিনি। বর্তমানে এর মূল্য প্রায় ৩০০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
একসময় শাহরুখ জানিয়েছিলেন, মান্নাত কেনার জন্য তাকে বহু বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিজ্ঞাপন, অনুষ্ঠান ও বিভিন্ন কাজের অগ্রিম পারিশ্রমিক নিয়ে ধীরে ধীরে অর্থ জোগাড় করেই নিজের স্বপ্নের বাড়ি কিনেছিলেন তিনি।

