কমলগঞ্জে আনসার-ভিডিপি সদস্যদের বিশেষ অভিযান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন আনসার-ভিডিপি সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শক্রমে মুন্সিবাজার ইউনিয়ন আনসার-ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের নেতৃত্বে এই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ইউনিয়নের ৭ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। তারা বাজারের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করেন, যা বাজারের পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে আনসার-ভিডিপি সদস্যদের এই উদ্যোগটি বাজারের সার্বিক পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের এমন স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।
অভিযানের নেতৃত্বদানকারী মো. আশরাফুল আলম বলেন, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি। বাজারের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বের অংশ। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, আনসার-ভিডিপি সদস্যদের এই উদ্যোগ শুধু মুন্সিবাজার নয়, উপজেলার অন্যান্য এলাকায়ও একটি রোল মডেল হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষকে স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করবে।
