ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশার কৃতি সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, প্রখ্যাত সাংবাদিক ও চিরকুমার ফজলুল হক সেলবর্ষীর স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে সেলবরষ ইউনিয়ন বিএনপি।
সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জি এম মনতাজুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, ফজলুল হক সেলবর্ষী আমাদের এই জনপদের গর্ব। তাঁর আদর্শ ও স্মৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ধরণের টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে। খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে, তাই নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, সহকারী পুলিশ সুপার মো. এস এম ফজলে রাব্বী রাজিব।
এছাড়াও আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মাহবুবুর আলম হাদিস, জয়শ্রী ইউপি বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নয়ন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনালে বাদশাগঞ্জ একাদশ ফুটবল দল বনাম ধর্মপাশা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠে প্রচুর দর্শকের উপস্থিতি টুর্নামেন্টটিকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ক্রীড়ামোদী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
