লাউয়াছড়ায় বিশাল সেগুন গাছ চুরি, বিভাগীয় তদন্ত শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে কড়া নিরাপত্তার মধ্যেই একটি বিশালাকৃতির সেগুন গাছ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উদ্যানের জানকিছড়া স্টিল ব্রিজ সংলগ্ন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশ থেকে গাছটি কেটে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরচক্র।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া সেগুন গাছটির পরিধি ছিল প্রায় ৭ ফুট। বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য এক লাখ টাকারও বেশি। স্থানীয়দের অভিযোগ, একটি শক্তিশালী চক্র সুপরিকল্পিতভাবে গাছটি কেটে ট্রাকে করে পাচার করেছে। জনৈক প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিপল দিয়ে ঢাকা একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাক দ্রুতগতিতে উপজেলা চৌমুহনীর দিকে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই ট্রাকে করেই চুরি হওয়া কাঠ পাচার করা হয়েছে।
এই চুরির ঘটনাটি বনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুরির সময় জানকিছড়া গেটে বনকর্মী ও স্থানীয় বন টহল দলের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বনের প্রধান ফটকেও টহল পুলিশের পাশাপাশি বন বিভাগের কর্মকর্তাদের অবস্থান ছিল। এত নজরদারি ও গুরুত্বপূর্ণ গেটগুলোতে জনবল থাকা সত্ত্বেও কীভাবে এই বিশাল গাছটি কেটে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের ব্যবস্থাপক মো. নাজমুল হাসান বলেন, ভোররাতে সড়কের পাশ থেকে সেগুন গাছটি চুরির ঘটনা সত্য। ইতিমধ্যে এ বিষয়ে একটি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় যারা দায়িত্বে ছিলেন, তাদের প্রত্যেকের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। যদি কোনো বনকর্মীর অবহেলা বা সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদার জানান, আমি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের জাতীয় সম্পদ, এটি রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। বন বিভাগসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে মূল্যবান গাছ চুরির ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছরেও বনের বিভিন্ন অংশে বড় বড় গাছের কাটা গোড়া পাওয়ার তথ্য পাওয়া গেছে। বারবার এমন ঘটনায় বনের জীববৈচিত্র্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে চুরি হওয়া কাঠ উদ্ধার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সাথে বনের রাত্রিকালীন টহল ব্যবস্থা আরও জোরদার করার জোর দাবি জানানো হয়েছে।
