শমশেরনগরে অটোরিকশার চাঁদা নিয়ে বিরোধে হামলা, আহত ১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে অবৈধ চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাসেল মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় শমশেরনগর অটোরিকশা চালক সমিতির সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শমশেরনগর রেলস্টেশন প্ল্যাটফর্মে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী রাসেল মিয়ার দাবি, স্থানীয় প্রায় ২ শতাধিক অটোরিকশা থেকে নিয়মিত ‘ভর্তি ফি’ ও ‘মাসিক চাঁদা’ আদায় করা হয়। এই অবৈধ অর্থ আদায়ের প্রতিবাদ করায় অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়াসহ চারজন তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শফিক মিয়া। তিনি জানান, বর্তমানে কোনো প্রকার চাঁদা আদায় করা হচ্ছে না। মূলত আগের কোনো লেনদেন বা চাঁদা আদায়কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে থাকতে পারে। তিনি উল্টো রাসেল মিয়ার বিরুদ্ধে তাকে হুমকি দেওয়ার দাবি করেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, রাসেল মিয়ার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, অটোরিকশা থেকে চাঁদা আদায়ের বিষয়টি দীর্ঘদিনের। এ নিয়ে মাঝে মাঝেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অবৈধ এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
