ছাতকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তকিপুর উত্তরপাড়া জামে মসজিদে মাহফিল
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর উত্তর পাড়া জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এই মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম-ওলামা অংশগ্রহণ করেন।
তকিপুর উত্তর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবদুল লতিফের সভাপতিত্বে এবং তালামীয নেতা ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খারগাঁও মৌলভী নাছির উদ্দিন (রহ.) হাফিজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ শাহ মো. গিয়াস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ এবং উম্মতের প্রতি তাঁর অসীম ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে প্রকৃত শান্তি, ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সা.)-এর দেখানো পথে চলার পাশাপাশি তাঁর সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমেই আমরা ইহকাল ও পরকালে মুক্তি পেতে পারি।
মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবদুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী, মাওলানা আবদুল্লাহ রাজিব সাদী (ঢাকা), ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আবদুস সামাদ, হাফেজ মাওলানা আবুল খয়ের, মাওলানা আবদুল আলিম, মাওলানা নেছার আহমদ, মাওলানা ফয়জুল হক, মাওলানা আতিকুর রহমান ও হাফেজ মাওলানা মারুফ আহমদ।
বক্তারা বলেন, রাসুল (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য শান্তি ও কল্যাণের এক অনন্য পথনির্দেশক। সমাজে ভ্রাতৃত্ব, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীজির জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তকিপুর উত্তর পাড়া ও আশপাশের এলাকার মুসল্লিদের সরব উপস্থিতিতে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।
