জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা
সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামীণ সড়ক নেটওয়ার্ককে আরও আধুনিক ও সুপরিকল্পিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান আলোচ্য বিষয় ছিল— গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ নির্ধারণ, সড়ক উন্নয়নের অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইকরণ।
কর্মশালায় মূল প্রশিক্ষণ প্রদান করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক শাকিল হাসান। তিনি জিআইএস প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি সড়কের সঠিক দৈর্ঘ্য, অবস্থান এবং স্যাটেলাইট ডাটাবেজ হালনাগাদ করার কৌশল প্রদর্শন করেন।
সভায় বক্তারা বলেন, এই মাস্টার প্ল্যান চূড়ান্ত হলে গ্রামীণ এলাকায় অপ্রয়োজনীয় বা পরিকল্পনাহীন সড়ক নির্মাণ বন্ধ হবে। অর্থনৈতিক গুরুত্ব, চলাচলের ঘনত্ব এবং রাস্তার বর্তমান অবস্থা বিবেচনা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নয়নের অগ্রাধিকার তালিকা তৈরি করা হবে। এর ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষি পণ্য পরিবহনসহ গ্রামীণ জনপদের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। স্থানীয় হাট-বাজার, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মূল সংযোগ সড়কের সাথে যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা মাস্টার, এসআই নূর হোসাইন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিলু মিয়া, কার্যনির্বাহী সদস্য গোবিন্দ দেবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সিএনজি ও বাস মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান শেষে মাঠপর্যায়ের প্রকৌশলীদের দ্রুততম সময়ের মধ্যে সংগৃহীত তথ্যের সত্যতা নিশ্চিত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।
