কমলগঞ্জে কিশোরী নিখোঁজ: সিসিটিভি ফুটেজে রহস্যময় নারী
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে ১৬ বছরের এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরীর নাম মোছা. শিমলা আক্তার। সে উপজেলার জালালপুর গ্রামের মো. আলতা মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট (মঙ্গলবার) সকাল পৌনে ৯টার দিকে কসমেটিকস কেনার কথা বলে শিমলা বাড়ি থেকে স্থানীয় নইনার পাড় বাজারে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ৩০ আগস্ট তার বাবা কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শিমলা উত্তরভাগ গ্রামের লীলা বেগম নামে এক নারীর সঙ্গে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। এ বিষয়ে লীলা বেগম জানান, শিমলার সাথে তার দেখা হয়েছিল। শিমলা তাকে জানিয়েছিল যে, পারিবারিক কলহের কারণে সে বাড়ি ছেড়ে চলে যেতে চায় এবং তাকে একটি সিএনজি অটোরিকশা জোগাড় করে দিতে বলে। লীলা তাকে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিলেও শিমলা তা শোনেনি বলে তিনি দাবি করেন।
এদিকে, নিখোঁজ কিশোরীর সন্ধানে সিসিটিভি ফুটেজ দেখা নিয়ে উত্তরভাগ গ্রামের ব্যবসায়ী সাহান মিয়ার দোকানের সামনে গত রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে সাহান মিয়া তার ক্যাশ বাক্স থেকে একটি সিলভার রঙের পিস্তল বের করে গুলি করার হুমকি দেন। তবে ব্যবসায়ী সাহান মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, তার কাছে কোনো বৈধ বা অবৈধ আগ্নেয়াস্ত্র নেই। কেবল ভয় দেখানোর জন্য তিনি তার ছেলের একটি 'খেলনা পিস্তল' উঁচিয়ে ধরেছিলেন।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিনের মাধ্যমে ওই খেলনা পিস্তলটি কিশোরীর বাবার বাড়িতে পাঠানো হয়। ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, ঘটনাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং কিশোরীটিকে উদ্ধারে স্থানীয়রা কাজ করছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি অস্ত্র প্রদর্শনের বিষয়টি এবং সিসিটিভি ফুটেজ গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
বর্তমানে এই ঘটনায় এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে নিখোঁজ কিশোরীকে উদ্ধার এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের চেষ্টা করছে।
