কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালকে (নান্টু) সভাপতি এবং কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ধীরেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন— ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুর্শেদ আলী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলার মাধ্যমিক শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সম্মেলন শেষে উপস্থিত সকল শিক্ষক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
