নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
মোহাম্মদ রুবেলের ঘূর্ণিজাদুতে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ১৪৩ রানে আটকে দিয়ছিলেন তারা। ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমানের ৪৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি দল। এই জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শীর্ষস্থান আরও মজবুত করল বাংলাদেশ।
ডারউইনে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল নর্দার্ন টেরিটরি। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষকে থিতু হতে দেননি বাংলাদেশের রুবেল। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন তিনি।
৪ ওভারে ২১ রান দিয়ে রুবেল নিয়েছেন ৫ উইকেট। জর্ডান সিল্কের ৩১, ম্যাট হ্যামন্ডের ২৬ ও ক্যাডেল ম্যাকমাহনের ২৫ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে নর্দার্ন টেরিটরি।
ব্যাটিংয়ে নেমে সাব্বিরের ৩৭ বলে ৪৭ রানের ইনিংসের সুবাদে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান করেছেন ১৮ বলে ২২।
শেষ পর্যন্ত ১৭ ওভার ২ বলে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রইল বাংলাদেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

