মতিন মিয়া হত্যা মামলায় একজন গ্রেফতার
মৌলভীবাজারের শমসেরগঞ্জ দৌলতপুর এলাকার কিশোর মতিন মিয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. মোস্তফা মিয়া (৪৪)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার ইছাপুর এলাকার লাল মিয়ার ছেলে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে র্যাবের গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার হুমায়ুন চত্বর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, কিশোর মতিন মিয়ার সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে তার বোনসহ অন্যান্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ-সংক্রান্ত একটি মামলায় গত ২৮ জুন তিনি আদালতে সাক্ষ্য দেন। পরে সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। রাত পৌনে ১১টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে তার স্ত্রী জানতে পারেন, রক্তাক্ত অবস্থায় তার স্বামীর মরদেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহটি শনাক্ত করেন। তার ধারণা, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মতিন মিয়ার স্ত্রী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে মো. মোস্তফা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

