ফেঞ্চুগঞ্জে হাজী সজ্জাদ আলী ট্রাস্টের বৃত্তি বিতরণ ২২ আগস্ট
সিলেটের ফেঞ্চুগঞ্জে ‘হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত ২০২৫ সালের বৃত্তি বিতরণ অনুষ্ঠান আগামী ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেওয়া হবে।
বৃত্তি বিতরণ উপলক্ষে গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্রাস্টের পরিচালনা পর্ষদ ও পরীক্ষা পরিচালনা কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। উল্লেখ্য, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রাক্তন শিক্ষার্থী, যিনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার গৌরব অর্জন করেছেন।
যৌথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতহার, ট্রাস্টের সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নূরুজ্জামান, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনসুর আলী এবং ট্রাস্টের কোষাধ্যক্ষ ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন পাপ্পু। আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাওলানা নূরুল হুদা, শিক্ষক মোহাম্মদ আব্দুল জাবিদ, জাহিদ আহমদ ও জুলাই যোদ্ধা সৈয়দ মোস্তফা জামান রাফি।
সভায় ২০২৫ সালের বৃত্তি বিতরণের পাশাপাশি আগামী বছরের (২০২৬) বৃত্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা আগামী ২৮ নভেম্বর (শনিবার) স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলার চতুর্থ শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ করে আসছে। এই উদ্যোগটি স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক সমাদৃত ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
