পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই পুলিশকে একটি মানবিক, জনমুখী ও নিরপেক্ষ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (প্রথম পর্যায়) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সমুন্নত রাখা পুলিশ বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এসব দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, পুলিশ হবে জনগণের বন্ধু, সেবক এবং আইনের নিরপেক্ষ প্রয়োগকারী।
তিনি আরও বলেন, অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা, অনলাইন জালিয়াতি এবং প্রযুক্তিনির্ভর নানা অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের সক্ষম করে তুলতে না পারলে নতুন ধরনের অপরাধ দমন কঠিন হয়ে পড়বে।
সালাহউদ্দীন আহমদ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ বাহিনীর সবচেয়ে বড় শক্তি জনগণের বিশ্বাস ও আস্থা। তাই কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব কিংবা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সংবিধান ও আইনের প্রতি আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সমাপনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং নবীন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

