সিলেটে সদর উপজেলা ছাত্রলীগের মিছিল
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ মিছিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আনুমানিক ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের কয়েকটি ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল।’
এদিকে, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামও তার ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘আগস্টের শুরুতেই সহযোদ্ধাদের মুক্তি এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল সিলেট। বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট সদর উপজেলা শাখার নেতাকর্মীদের উদ্যোগে সিলেট সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আজ সকালে অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারী সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। সদর থেকে শুরু, আশাকরি এই আওয়াজ সিলেটের ১৩টি উপজেলা এবং ৫টি পৌরসভাতেও খুব দ্রুত পৌঁছে যাবে।’
এ বিষয়ে জানতে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

