বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এবারের নির্বাচনে মোট ৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৩টি পদে প্রার্থীরা একক প্রার্থী হিসেবে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আগামী শনিবার শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩৩ জন নিবন্ধিত শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হেভিওয়েট প্রার্থী আবু তাহের ও আহসান হাবিব মানিক। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে চতুর্মুখী লড়াই হবে। এ পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন— মুফতি শাব্বির আহমদ শিবলী, মোফাজ্জল হোসেন, মো. জাকির হোসেন ও সেলিম তালুকদার।
উল্লেখ্য, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই তিন পদের প্রার্থীরা আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন কমিশনার আহমেদ ইমতিয়াজ বশির বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সাধারণ শিক্ষকদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে এমন একটি যোগ্য ও দক্ষ নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা শিক্ষকদের ন্যায্য দাবি আদায় এবং পেশাগত মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

