ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের গোবর্দ্ধনপুর এলাকায় নদীর তীরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা তাদের বসতভিটা, কৃষিজমি, কবরস্থান ও নদীর প্রতিরক্ষা বাঁধ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, গোবর্দ্ধনপুর, ধলাইপাড় ও কুমড়াকাপনসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ইজারাকৃত সীমানার বাইরে গিয়েও বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং ভাঙন তীব্রতর হচ্ছে। এর ফলে নদী তীরের কৃষিজমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে এবং স্থানীয় একটি কবরস্থান চরম ঝুঁকির মুখে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আবদাল হোসেন, মো. হারুনুর রশীদ, তারেক মিয়া, আজিজুর রহমান, সফিক মিয়া ও সমির মিয়াসহ আরও অনেকে। বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা তাদের পকেট ভারী করতে আমাদের ভিটেমাটি ধ্বংস করছে। দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা না হলে আমরা ঘরবাড়ি হারানোর শঙ্কায় আছি। আমরা অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।
তবে বালু উত্তোলনকারীদের দাবি, তারা সরকারের নিকট থেকে ইজারা নিয়ে বৈধভাবেই বালু উত্তোলন করছেন। এতে কোনো জনবসতি বা সম্পদের ক্ষতি হচ্ছে না বলে তারা দাবি করেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বালু উত্তোলনের ফলে জনসম্পদের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা সরেজমিনে তদন্ত করে দেখা হবে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
