হবিগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতার মো. ফরিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. মোস্তাফা মিয়ার ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত প্রায় ১টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও মাধবপুর থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল মাধবপুর প্রেসক্লাবের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহনযোগে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ কুড়িগ্রাম যাচ্ছে। ওই সংবাদ পেয়ে আভিযানিক দলটি মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালীন কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহনটি সংকেত দিয়ে থামিয়ে ভেতরে তল্লাশি করা হয়। এসময় মো. ফরিদুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তি গাড়ির পেছনের সিট থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের গ্রেফতার ব্যক্তি ও জব্দ আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

