সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার (২২ জুলাই) সকালে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে বিজিবির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা বঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম পবিত্র দায়িত্ব। যেকোনো জাতীয় সংকটময় মুহূর্তে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও আশ্বস্ত করেন যে, দেশের মানুষের কল্যাণে বিজিবির এই ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালকের সঙ্গে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, চরম দুর্যোগের সময়ে খাদ্য ও বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন।
