দক্ষিণ সুরমা থেকে লুণ্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করল র্যাব
সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশের লুণ্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার পর এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত জায়গায় অস্ত্র বা বিস্ফোরক মজুত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে ৩টি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড রক্ষিত ছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত এই টিয়ারগ্যাস গ্রেনেডগুলো গত ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই লুণ্ঠিত আলামতের সাথে জড়িতদের শনাক্ত করতে র্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে এ পর্যন্ত ৪৯টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করেছে।
পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত গ্রেনেডগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

