সেপটিক ট্যাংকের সংযোগ ড্রেনে দেওয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি: সিসিক প্রশাসক
সিলেট নগরীর ড্রেন ও ছড়ার সঙ্গে বসতবাড়ির সেপটিক ট্যাংকের বর্জ্য সংযোগ দেওয়াকে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের অপেশাদার ও বেআইনি কর্মকাণ্ডের ফলে নগরীতে পানিবাহিত রোগ ছড়ানোর পাশাপাশি ড্রেন দ্রুত ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে প্রশাসক দেখতে পান, অনেক ভবন ‘বিল্ডিং কোড’ না মেনেই নির্মাণ করা হয়েছে এবং বিপুলসংখ্যক বাড়ির সেপটিক ট্যাংকের বর্জ্য সরাসরি সরাসরি ড্রেন ও ছড়ায় ফেলা হচ্ছে।
এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সেপটিক ট্যাংকের লাইন কখনোই ড্রেন বা ছড়ার সঙ্গে সংযুক্ত করা যাবে না। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়ায় এবং রোগজীবাণু ছড়িয়ে পড়ে। সামান্য সচেতনতাই আমাদের প্রিয় নগরীকে জলাবদ্ধতামুক্ত ও বাসযোগ্য করে তুলতে পারে।
তিনি আগামী তিন মাসের মধ্যে ড্রেন ও ছড়া থেকে সব অবৈধ সেপটিক লাইন নিজ দায়িত্বে বিচ্ছিন্নের অনুরোধ জানান, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক আরও বলেন, বাড়ি নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিতে হবে যাতে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত না হয়। তিনি বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীকে সচেতন হওয়ার অনুরোধ জানান।
পরিদর্শন চলাকালেই বাদামবাগিচা এলাকায় সিসিকের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব। এ সময় ড্রেন ও ছড়ায় সরাসরি সেপটিক ট্যাংকের বর্জ্য ফেলার দায়ে কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ভবন মালিকদের সতর্ক করা হয়।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনে নগরীর প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হবে।
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

