গোয়াইনঘাটে মাদরাসায় মাদক বিরোধী সচেতনতা সভা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার দারুসালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসায় মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মাদরাসা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার উমর ফারুক। তিনি মাদকের কুফল এবং পরিবার ও সমাজে এর ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরে বলেন, মাদক একটি জীবনকে শুধু শেষই করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ ও যুব সমাজকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা হোসেন আহমদ গনিকান্দির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এবং মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক সমাজ ও জাতির জন্য অভিশাপ। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়তে হলে তরুণদের মাদকমুক্ত রাখা জরুরি। এ লক্ষ্যে কেবল প্রশাসন নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং যুব সমাজকে সঠিক পথে রাখার জন্য দোয়া করা হয়।

