প্রতিকার চেয়ে ডিসি ও সিসিক প্রশাসককে স্মারকলিপি
দক্ষিণ সুরমায় অসহনীয় যানজট ও বেহাল সড়ক
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার অসহনীয় যানজট নিরসন এবং বেহাল সড়ক সংস্কারের দাবিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ‘দক্ষিণ সুরমা ফাউন্ডেশন’-এর উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দক্ষিণ সুরমা কেবল সিলেটের প্রবেশদ্বার নয়, এটি আন্তঃজেলা যাতায়াতের গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু বর্তমানে উন্নয়ন কর্মকাণ্ডের ধীরগতি এবং সড়কের বেহাল দশায় এটি চরম দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে সিলেট নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত বাইপাস সড়কের নির্মাণকাজ প্রায় এক বছর ধরে চললেও এর গতি অত্যন্ত ধীর। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে।
পরিবহনগুলো বিকল্প পথ হিসেবে চন্ডিপুল-ক্বীন ব্রিজ মোড় হয়ে কদমতলী বাস টার্মিনাল দিয়ে চলাচল করায় ক্বীন ব্রিজ মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, যার ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। এমনকি জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সও যানজটে আটকে থাকছে।
.jpg)
স্মারকলিপিতে আরও জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর থেকে চন্ডিপুল পর্যন্ত বিভিন্ন স্থানে সাম্প্রতিক বৃষ্টিতে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। সড়কের এই নাজুক অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া চন্ডিপুল ও পুলের মুখ এলাকায় সড়কের উভয় পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এবং রাস্তা দখল করে গড়ে ওঠা ওয়ার্কশপগুলো যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান কার্যকর স্থায়ী পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও সিলেট প্রেসক্লাবের ট্রেজারার ফয়সাল আমীন, সুরমা টাওয়ারের ব্যবসায়ী ফাহিম মাহমুদ ফুরুক এবং দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান কাচা, অ্যাডভোকেট সৈয়দ আব্দুল হামিদ রিপন, কামাল আহমদ, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী, ফয়জল বারী, প্রচার সম্পাদক আহমেদ মুসা, বিশিষ্ট রাজনীতিবিদ আনিসুর রহমান, সমাজসেবী অ্যাডভোকেট পারভেজ আহমদ, দেলোয়ার হোসাইন ও আব্দুল মুকিতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

