মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুইদিন পর আলী হোসেন (২০) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে নিজের বাড়ির পাশের জমিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আলী হোসেন ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আলী হোসেনের স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। নবজাতককে দেখতে শনিবার শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে আসেন। ওইদিন বিকেলে আলী হোসেন ধর্মঘর বাজারে মোরগ কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
তার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন। খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রোববার ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তার সন্ধান চেয়ে প্রচার চালান। তবে, কোনো খোঁজ মেলেনি।
সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে স্থানীয়রা একটি ভাসমান লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশউদ্ধার করে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, কয়েকদিন পানিতে থাকায় লাশ কিছুটা ফুলে গেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশটি আলী হোসেনের বলে শনাক্ত করা হয়।
নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
