পুলিশের পোশাকে মহাসড়কে ডাকাতি, র্যাবের অভিযানে ৩ আসামি গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (১৯ জুলাই) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রাসেল মিয়া (৩৯), শিপন মিয়া (২৫) ও অহিবুর রহমান (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং এবং মাধবপুরের জগদীশপুর এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখিত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০ জুন ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় পুলিশের পোশাক পরিহিত একদল ডাকাত একটি প্রাইভেটকারের গতিরোধ করে। ডাকাতরা অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ ৯৩ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মাধবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। মামলার তদন্তে ধৃত আসামিদের সরাসরি সম্পৃক্ততা পাওয়ার পর র্যাব তাদের গ্রেফতারে অভিযান শুরু করে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
