মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শামীম মিয়ার স্ত্রী পেয়ারা বেগম এবং গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হৃদয় মিয়া।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, সাংবাদিক আলমগীর কবির ও এম. এম. গউছ।
সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তাঁদের আদর্শকে বুকে ধারণ করতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা সৈয়দ বোরহান উদ্দিন, মো. মাসুম মিয়া, মো. জুয়েল মিয়া, মো. তানজিল হোসেন, রনি আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
