সুনামগঞ্জে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মপ্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক ‘কিট প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন, পিপিএম। প্যারেড শেষে তিনি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য সরকারিভাবে সরবরাহকৃত পোশাক, সরঞ্জাম, বেল্ট, বুট, ক্যাপসহ অন্যান্য সামগ্রীর পরিচ্ছন্নতা, সঠিক সংরক্ষণ ও ব্যবহারযোগ্যতা নিবিড়ভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, শৃঙ্খলা পুলিশের মূল ভিত্তি। সর্বদা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। পোশাকে ও আচরণে আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে নিজেদের তুলে ধরতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ইমাম হোসেন ও কাঞ্চন কুমার দেবসহ জেলা পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
জেলা পুলিশ জানায়, নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং তাদের সরঞ্জামাদির রক্ষণাবেক্ষণ নিশ্চিত হয়। এটি একটি দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
