তাহিরপুর সীমান্তে বিজিবি’র মানবিক সহায়তা
সুনামগঞ্জে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোঃ নাজমুল আরেফিন। ক্যাম্পেইনে স্থানীয় লাউড়েরগড় ও আশপাশের সীমান্তবর্তী এলাকার আনুমানিক ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরি পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে বিজিবির এই ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্প্রতি অতিবৃষ্টি ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে তাহিরপুরসহ সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিজিবির এই চিকিৎসা সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
