জগন্নাথপুরে রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ, ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী মো. সামি, মো. জুয়েল, মো. রুহিত, মো. আব্দুর রহিম, মো. আকমল হুসেন, মো. আতিফ হুসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ২৪ জুন (বুধবার) কলেজ অধ্যক্ষের ওপর অত্যন্ত ন্যাক্কারজনক ও অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। কলেজের নতুন চালু হওয়া যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ফরহাদ রেজার শর্তসাপেক্ষ নিয়োগকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আরও জানান, মূলত কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা ছাড় হচ্ছে না, যা একটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু এই বিষয়টিকে পুঁজি করে একটি মহল কলেজকে পরিচালনা কমিটিহীন রেখে শিক্ষকদের বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতা তৈরি করছে এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্ট করছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে আনা সকল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে কলেজের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে এবং অধ্যক্ষের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।
