জগন্নাথপুরে স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় মাধ্যমিক স্কুলভিত্তিক এক দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই যুক্তযুদ্ধে অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির।
সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দুন নূর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, সদস্য আনোয়ার হোসেন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন শিহাব, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকবর আলী, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ সমসু মিয়া সুজল, জহির ইনস্টিটিউটের পরিচালক জাহিরুল ইসলাম জহির, সফাত উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ হাসান এবং শ্রীরামসী স্কুল এন্ড কলেজের শিক্ষক আশরাফুল আলম প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— সফাত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়, আটপাড়া উচ্চ বিদ্যালয়, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়, নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ, শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজ, চিলাউড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ও আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার প্রাথমিক ধাপ শেষে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত হয়েছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। মনোনীত স্কুলগুলো হলো— শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ও কলেজ, নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সততার বীজ বপন করতে হবে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
