মাধবপুরে জরাজীর্ণ স্কুল ভবনের ছাদ ধসে দপ্তরী আহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের অংশ ধসে প্রকাশ দাস (৩৭) নামের এক স্কুল দপ্তরী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত প্রকাশ দাস উত্তর হরিশ্যামা গ্রামের বিকাশ দাসের ছেলে। বর্তমানে তিনি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয়ের একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন প্রকাশ দাস। হঠাৎ ছাদের পলেস্তারা ও কংক্রিটের বড় একটি অংশ খসে তার মাথার ওপর পড়ে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয় ভবনটি দীর্ঘ দিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ হঠাৎ এই দুর্ঘটনা ঘটলো। আমরা আহত দপ্তরী প্রকাশের চিকিৎসার খোঁজখবর রাখছি। তবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা চরম আতঙ্কে আছি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। তারা দ্রুত এই জরাজীর্ণ ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ইতিমধ্যে ঘটনার খোঁজখবর নিয়েছি। জরাজীর্ণ ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হবে।
