জগন্নাথপুরে ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিশাল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ‘কিরণমালা’ নামক প্লাস্টিকের ছাঁই উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুরের বিখ্যাত নলুয়া ও মইয়ার হাওরে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং মাছ ধরার ১ হাজারটি প্লাস্টিকের তৈরি কিরণমালা ছাঁই জব্দ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে একই দিন সন্ধ্যায় জগন্নাথপুর কাঠ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের উপস্থিতিতে জব্দকৃত এসব অবৈধ জাল ও ছাঁই জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির ছোট মাছ ও পোনা রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
