মাধবপুর উপজেলা যুবদল নেতা শামীম বহিষ্কার
মাদক সেবন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ শামীম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মাধবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শামীম আহমেদের বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখ শামীম আহমেদের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তদন্ত সাপেক্ষে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি)-এর অনুমোদনক্রমে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ বাতিল করা হয়েছে।
এদিকে, বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শেখ শামীম আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বোন জামাইয়ের একটি জমিতে মাটি ভরাট নিয়ে স্থানীয় কিছু প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে প্রতিপক্ষরা বিপুল অর্থ ব্যয় করে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে দল থেকে বহিষ্কার করিয়েছে।
তবে স্থানীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের এই অবস্থান ইতিবাচক। এই ঘটনাটি বর্তমানে মাধবপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।
