মৌলভীবাজারে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মৌলভীবাজারে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জুন) জেলা শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ করে তুলতে হবে। শিক্ষার্থীদের এই মেধা ও সৃজনশীলতা ভবিষ্যতে দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।” বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে এগিয়ে নিতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
জেলা পর্যায়ের এই আয়োজনে মৌলভীবাজারের ৭টি উপজেলা থেকে নির্বাচিত ৭টি শ্রেষ্ঠ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন। বিচারকদের পর্যালোচনার পর বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকার উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। আয়োজনের সার্বিক বাস্তবায়নে ছিল মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা জাতীয় স্তরে বিকাশের সুযোগ তৈরি হবে।
