দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিশুটি তার সহপাঠীদের সঙ্গে গ্রামের মো. আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় পরিবর্তনের জন্য শিশুটি আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী বাড়িতে ছিলেন না। এই সুযোগে আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার শোয়ার ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পরপরই শিশুটির পরিবার দোয়ারাবাজার থানায় বিষয়টি অবহিত করে। সংবাদ পাওয়ামাত্রই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নির্দেশে এসআই তানজির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় এলাকা ছেড়ে পালানোর আগেই অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আলী হোসেন কিরনপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আইনি সুরক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
