বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
এরিই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানের মতো শনিবার (১৩ জুন) উপজেলার বড়লেখা বিট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবন ও জীবিকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
বড়লেখা উপজেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের বড়লেখা রেঞ্জের আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশপ্রেমী ব্যক্তি ও বিভিন্ন শ্রণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
