মৌলভীবাজারে বিএসটিআই অনুমোদনহীন ইলেকট্রিক ক্যাবলস বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড এলাকায় ইলেকট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে পরিচালিত মোবাইল কোর্টে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদ। বিএসটিআই অনুমোদন ও লাইসেন্সহীন পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় এই জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং বিএসটিআই আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শমসেরনগর রোডের রাজু আহমেদকে ২ হাজার টাকা, পারটেক্স ক্যাবলস লিমিটেডের প্রতিনিধি মতিউর রহমানকে ১৫ হাজার টাকা এবং মাতৃছায়া ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. সুলেমান মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদ জানান, বাজারে বিক্রিত ইলেকট্রিক্যাল ক্যাবলসের গুণগত মান নিশ্চিত করা, বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সের বৈধতা যাচাই করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
