সাংবাদিক জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল।
বক্তারা বলেন, সাংবাদিক আমিনুর রহমান জিলু দীর্ঘ দিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। কোনোরূপ সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করেছে। সাংবাদিকতার মতো একটি মহান পেশার মর্যাদা রক্ষায় এবং গণমাধ্যমের কণ্ঠ রোধ বন্ধ করতে আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তি দেওয়ার জোর দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন— জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, অফিস সম্পাদক গোলাম সারোয়ার, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ ও জুয়েল আহমদ, সদস্য শাহ এস এম ফরিদ ও হুমায়ুন কবির ফরিদী। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আজকালের খবর প্রতিনিধি আলী হোসেন খান, এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল করিম গেদন, আবু মিয়া, আব্দুল মান্নান, তঞ্জব আলী, আব্দুল হেকিম, আবুল খায়ের, শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজর, ব্যবসায়ী আলী আহমেদ, মাদকবিরোধী আন্দোলনের নেতা লিমান ভূঁইয়া, সমাজকর্মী রাজু আহমেদ, মাহবুব, রনি মায়হান ও নানু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২ জুন উপজেলা সদরের থানা রোডস্থ নিজ কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করে। জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়ার দায়ের করা সিলেট সাইবার ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এই মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
