থাকেন ভারতের আগরতলায়, মরদেহ মিলল মাধবপুরে
হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম চয়ন বনিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের সাহাদেব বনিকের ছেলে।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। তিনি জানান, ফেসবুকে চা বাগান থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি দেখে স্বজনেরা চয়নকে শনাক্ত করেছে। চয়ন গত চার বছর ধরে তিনি ভারতের আগরতলা শহরে বসবাস করতেন বলেও পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন ওসি। তবে, বাংলাদেশে তার মৃত্যু কীভাবে হলো- তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে
শনিবার (৬ জুন) দুপুরে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর থেকে প্রায় ২৪ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ও স্থানীয় সূত্রে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
