কুলাউড়ায় বাসদ (মার্কসবাদী) দলের নতুন কমিটি গঠন
বাসদ (মার্কসবাদী)দল কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে দলের উদ্যোগে ৫ জুন (শুক্রবার) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক প্রশান্ত দেব ছানা রুহেল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা, মৌলভীবাজার জেলার সংগঠক সাদিয়া নোশিন তাসনিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংগঠকরা।
সভায় সর্বসম্মতিক্রমে প্রশান্ত দেব ছানা রুহেলকে আহবায়ক ও সাদমান সৌমিক মজুমদারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নিখিল দেবনাথ, শহিদুল আলম গৌছ,বিশ্বজিৎ চন্দ,সুমন দেব ও শাওন রহমান।
নতুন কমিটি আগামী দিনে কুলাউড়া উপজেলার মানুষের সমস্যা সংকট নিরসন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
এছাড়াও নতুন কমিটি সদস্যরা সরকারের কাছে নিম্নোক্ত দাবীসমূহ তুলে ধরেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা চলবে না। শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে হাওর ও নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপূরণ ও রেশন নিশ্চিত করতে হবে।কুলাউড়ায় জলাবদ্ধতা নিরসনে এবং ফানাই নদীর উপর অবস্থিত ঝুঁকিপূর্ণ ব্রীজ অবিলম্বে মেরামতের উদ্যোগ নিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি এবং আইসিইউর ব্যবস্থা করতে হবে। এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ করা ও ভূমির অধিকার নিশ্চিত করা।
