দিরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
সুনামগঞ্জের দিরাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (৬ জুন) দুপুরে দিরাই উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে দিরাই থানার কলেজ রোড এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ ওসামা ওরফে লাদেন (২১) নামের এক যুবককে আটক করা হয়। তিনি দিরাই উপজেলার ধাপকাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পৃথক অভিযানে দুপুর ১টার দিকে দিরাই হাসপাতাল রোড এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ জয়ন উদ্দিন (৪০) এবং ১টা ১০ মিনিটে একই এলাকা থেকে আরও ৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক বিক্রেতা ফারুক মিয়াকে (৩৭) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত জয়ন উদ্দিন ও ফারুক মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ জানান, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
