জগন্নাথপুরে সাংবাদিক জিলুর মুক্তি দাবি জগন্নাথপুর প্রেসক্লাবের
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের থানারোডস্থ তাঁর নিজস্ব পেশাগত কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিনা তদন্তে এবং ‘ফিল্মি স্টাইলে’ একজন সংবাদকর্মীকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, সাইবার ট্রাইব্যুনালে জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক আমিনুর রহমান জিলুর পরিবার এই গ্রেফতারকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে। জিলুর মামা আবদুল হেকিম বলেন, আমার ভাগনা দীর্ঘদিন ধরে সততার সাথে সাংবাদিকতা করে আসছে। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক ধর্ষিতা নারীর আপোষের টাকা আত্মসাতের অভিযোগে জিলু একটি সংবাদ প্রকাশ করে। সেই ঘটনার জেরে কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
এদিকে, সাংবাদিক জিলুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক জরুরি বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক মামলার আশ্রয় নেওয়া হয়েছে। একজন কর্মরত সাংবাদিককে তাঁর কার্যালয় থেকে এভাবে তুলে নিয়ে যাওয়া স্বাধীন গণমাধ্যমের ওপর এক বড় আঘাত।
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আমিনুর রহমান জিলুর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন— জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, অফিস সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম এবং দুলন মিয়া।
